ঢেকে গেল গোটা চাঁদ, রক্তচন্দ্র দেখল পৃথিবী! পূর্ণগ্রাসের আগের, পরের সব ছবি আনন্দবাজার ডট কম-এর ক্যামেরায়, এবং অন্যদেরও

Spread the love

গ্রহণ নিয়ে মানুষের মনে কৌতূহল আদি-অনন্তকালের। কিন্তু তার পাশাপাশি রয়েছে ভুল ধারণাও। সেই ভুল ধারণা থেকে জন্ম নিয়েছে কুসংস্কার। অনেকেই সেই কুসংস্কারকে মনে থেকে সরাতে পেরেছেন। কেউ কেউ পারেননি। চন্দ্র বা সূর্যগ্রহণ আদতে প্রাকৃতিক ঘটনা ছাড়া কিছু নয়। তার মধ্যে চন্দ্রগ্রহণ সুদৃশ্য একটি বিষয়। তাই কুসংস্কারমুক্ত মনে এই প্রাকৃতিক ঘটনাকে উপলব্ধি করা উচিত। কখন, কোথায়, কী ভাবে দেখতে হবে সেই গ্রহণ, রইল তার হদিস।

কেন হয় গ্রহণ?

চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তার পরেই তাকে দেখা যায়। পৃথিবী চাঁদ এবং সূর্যের মধ্যে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ।

কবে এবং কখন দেখা যাবে গ্রহণ?

গ্রিনিচ সময় বা ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট (ইউটিসি) অনুসারে ৭ সেপ্টেম্বর, রবিবার বিকেল ৩টে ২৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। ভারতে তখন রবিবার রাত ৮টা ৫৮ মিনিট। ইউটিসি অনুসারে ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিটে শেষ হবে সেই গ্রহণ। ভারতে তখন ৮ সেপ্টেম্বর, সোমবার রাত ২টো ২৫ মিনিট। পূর্ণগ্রাস গ্রহণের সময়ে চাঁদের রং হয়ে উঠবে লাল। ভারতে সেই দৃশ্য দেখা যাবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে। এত দীর্ঘ সময় ধরে গ্রহণ বহু দিন পর হচ্ছে।

কোথা থেকে দেখা যাবে?

এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে এই গ্রহণ স্পষ্ট দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অনুকূল থাকতে হবে। আকাশে মেঘ থাকলে গ্রহণ দেখায় সমস্যা হতে পারে।

কেন চাঁদের রং লাল হয়?

চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী চলে এলে তখন তার ছায়া পড়ে চাঁদে। সে সময়ে হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদ পুরোপুরি কালো কিন্তু হয় না। বদলে লাল হয়ে ওঠে। কেন হয় না, রয়েছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। পৃথিবীর বায়ুমণ্ডল যখন সূর্যের আলো গ্রহণ করে (বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যখন সেই রশ্মি প্রতিসরিত হয়), তখন সূর্যরশ্মির লাল অংশ কম পরিমাণে প্রতিসরিত হয়ে চাঁদের উপরে গিয়ে পড়ে। অন্য দিকে, সূর্যরশ্মির নীল অংশটি চার দিকে ছড়িয়েছিটিয়ে পড়ে। তাই চাঁদকে গ্রহণের সময়ে গাঢ় কালচে লাল দেখা যায়। কিন্তু কখনও পুরো কালো দেখায় না।

Leave a Comment